বর্তমান যুদ্ধ পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে ভারতীয় সেনা এবার গঠন করল নতুন ধরনের ব্রিগেড। শত্রুপক্ষকে কড়া জবাব দিতে যে বাহিনী তৈরি করা হয়েছে, তার নাম ‘রুদ্র’। পাশাপাশি গঠিত হয়েছে আর এক শক্তিশালী স্পেশাল ফোর্স ‘ভৈরব’। কারগিল বিজয় দিবসের দিন এই নতুন সেনা ইউনিট দুটির কথা ঘোষণা করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
বদলেছে লড়াইয়ের ধরন, তাই সময়ের দাবি মেনেই সীমান্তে সেনা গঠনে আসছে নতুনত্ব। নতুন এই ইউনিট পাকিস্তান ও চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কার্যকরী ভূমিকা নেবে বলে আশাবাদী সেনা কর্তারা। সেনাপ্রধান জানিয়েছেন, “বর্তমানে ভারতীয় সেনা প্রতিকূল পরিস্থিতি সামলে আরও শক্তিশালী হয়ে উঠেছে।” সেই কারণেই ভবিষ্যতের যুদ্ধকে মাথায় রেখে সেনাকে আধুনিকীকরণের পথেই এগোনো হচ্ছে। এই অল আর্মস ব্রিগেডে একাধিক ইউনিট একত্রিত করা হয়েছে— যেমন পদাতিক, ট্যাঙ্ক ইউনিট, কামান ইউনিট, সাঁজোয়া ইউনিট, স্পেশাল ফোর্স ও ড্রোন বিভাগ। এই ব্রিগেড যে কোনও সীমান্ত হামলায় তাৎক্ষণিক পাল্টা আক্রমণে সক্ষম।
