নাসা ও ইসরোর যৌথ প্রয়াসে নির্মিত কৃত্রিম উপগ্রহ ‘নিসার’ শেষমেশ মহাশূন্যের পথে রওনা দিল। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই উপগ্রহের উৎক্ষেপণ সম্পন্ন হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৫টা ১০ মিনিটে উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও, বাস্তবে সেটি সফলভাবে সম্পন্ন হয় সন্ধে ৫টা ৪০ মিনিটে। ইসরো তার এক্স হ্যান্ডেল-এ এই উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করে এবং ক্যাপশনে লেখে: “উৎক্ষেপণ। আমরা উৎক্ষেপণ করেছি! নিসারকে সঙ্গে নিয়ে GSLV-F16 সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছে।”
উপগ্রহটি সম্পর্কে জানা গিয়েছে, এটি মূলত পৃথিবীর ভূ-পৃষ্ঠ, সমুদ্র, বরফে ঢাকা অঞ্চল এবং অরণ্যের পরিবর্তন বিশ্লেষণ করবে। ১.৫ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা খরচে এই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে, যার মধ্যে ইসরো নিজে প্রায় ৭৮৮ কোটি টাকার অর্থসাহায্য দিয়েছে। যদিও বিনিয়োগ বিপুল অঙ্কের, তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, এই প্রকল্প ভবিষ্যতে উল্লেখযোগ্যভাবে ফলদায়ক হবে।
