আমরা খেললে পাকিস্তানকে একইভাবে দুমড়ে দিতাম!’ আকমলদের কাটা ঘায়ে নুনের ছিটে রায়নার




নেহাত দেশের কথা মাথায় রেখে সেমিফাইনালে নামিনি, তাই। নামলে আমরাই দক্ষিণ আফ্রিকার স্টাইলে ওদের দুমড়ে দিতাম।

মোটামুটি এই ভাষাতেই লেজেন্ডদের বিশ্বকাপ ফাইনালে (WCL Final) প্রোটিয়াদের হাতে দুরমুশ পাকিস্তান চ্যাম্পিয়নসের (Pakistan Champions) কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন সুরেশ রায়না (Suresh Raina)।

বার্মিংহামে শনিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের চূড়ান্ত যুদ্ধে পাকিস্তানকে (Pakistan Champions) উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস (South Africa Champions)। প্রথমে ব্যাট করে পাক ব্রিগেড নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান তোলে। ওপেনার শরজিল খানের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৭৬ রান। কিন্তু সেই লড়াই এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে খরকুটোর মতো উড়ে যায়।

প্রোটিয়ারা ১৯ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতে নেয় ম্যাচ। অধিনায়ক ডি ভিলিয়ার্স খেলেন অবিশ্বাস্য ইনিংস—৬০ বলে অপরাজিত ১২০। গোটা টুর্নামেন্টেই ব্যাট হাতে আগুনে ফর্মে, ফাইনালেও সেই ধারা বজায় রাখলেন। আর তাতেই অনায়াসে দ্বিতীয় সিজনের সেরার শিরোপা গেল দক্ষিণ আফ্রিকার ঘরে।