মোহনবাগান দিবস” শুধু একটি স্মারক দিন নয়, বরং মোহনবাগানের দীর্ঘ গৌরবময় ইতিহাসের সম্মাননা। ঐতিহাসিকভাবে ইংরেজদের বিরুদ্ধে খালি পায়ে জয়লাভ থেকে শুরু করে বর্তমান সময়ে সর্বভারতীয় ক্রীড়াক্ষেত্রে দাপট— সব কিছুতেই উজ্জ্বল সবুজ-মেরুন রঙ। এই বিশেষ দিনে ক্রীড়াঙ্গন ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনদের সম্মান জানানো হয়। এ বছরের ‘মোহনবাগান রত্ন’ সম্মানে ভূষিত হলেন স্বপনসাধন বোস ওরফে টুটু বোস। সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আপুইয়া এবং উদীয়মান প্রতিভা হিসেবে পুরস্কৃত হয়েছেন দীপেন্দু বিশ্বাস।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। ‘মোহনবাগান দিবস’ মানেই সমর্থকদের কাছে এক বিশাল উৎসব। সকালবেলা ‘অমর একাদশ’-কে শ্রদ্ধা জানিয়ে প্রভাতফেরি দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং দুপুরে মাঠে ছিল প্রাক্তন তারকাদের প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠানে জমে ওঠে পরিবেশ, আর তার মধ্যেই শুরু হয় পুরস্কার বিতরণ পর্ব।
