দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের চারতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু! ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

 


ফ্রন্ট টাইমস, সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুরের বিধান নগরের হাডকো মোড় সংলগ্ন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চারতলা থেকে পড়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৫ বছর বয়সী মৃত শ্রমিকের নাম শেখ হায়দার আলী। বুদবুদ থানার অন্তর্গত দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাকোড়া এলাকার বাসিন্দা ছিলেন। ক্ষতিপূরণের দাবিতে কলেজের গেট আটকে বিক্ষোভ শুরু করেন মৃতের পরিবার পরিজন ও অন্যান্য শ্রমিকরা। 

মৃতের পরিবারের অভিযোগ, ৮ই আগস্ট রাজমিস্ত্রির হেলপারের কাজ করছিল হায়দার। সেই সময় কোনভাবে চারতলা থেকে মাটিতে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু হয় তাঁর। কলেজ কর্তৃপক্ষ এমনকী ঠিকাদারও ক্ষতিপূরণের ব্যাপারে কোন পদক্ষেপ করছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে অন্যান্য শ্রমিকরা ও পরিবারের সদস্যরা বিক্ষোভের পথ বেছে নেয়। ক্ষতিপূরণ দেওয়া না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে শুরু করবে বলে হুশিয়ারি দিয়েছেন।


পরবর্তী সময়ে সূত্রের খবর অনুযায়ী দুর্গাপুরের বিধান নগরের হাটকো মোড় সংলগ্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে দুর্ঘটনায় মৃত শ্রমিক শেখ হায়দার আলীর পরিবার অবশেষে ক্ষতিপূরণ পেল। দীর্ঘ আলোচনায় ১৬ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ প্রদান করে ঠিকাদার সংস্থা কর্তৃপক্ষ। 

সূত্রের খবর, দুর্গাপুর মাইনারটি সোশ্যাল ওয়ার্কারদের কর্মী বন্ধুদের নিয়ে এই সফলতা মিলেছে। এতে মৃত শ্রমিকের পরিবারের কিছুটা সাহায্য হবে বলে মনে করছেন বিক্ষোভকারীরা।

জানা গিয়েছে, হায়দারের পরিবারে স্ত্রী দুই নাবালক সন্তান ও বয়স্ক মা-বাবার জন্য একমাত্র রোজকারী ছিলেন তিনি। কিন্তু তাঁর মৃত্যুর পর ক্ষতিপূরণ নিয়ে কলেজ কর্তৃপক্ষ বা ঠিকাদার সংস্থা কোনও পদক্ষেপ করছিল না বলে অভিযোগ। এর পর এই ক্ষিপ্ত হয়ে ওঠে সংস্থার অন্যান্য শ্রমিক এবং স্থানীয় মানুষজন। অবশেষে তাদের বিক্ষোভে আসে সফলতা।